![]() |
| রৌমারীতে ৩০ বছর পর মুক্ত রাস্তা, দুর্ভোগ থেকে বাঁচল ১৫ হাজার মানুষ |
রৌমারীতে ৩০ বছর পর মুক্ত রাস্তা, দুর্ভোগ থেকে বাঁচল ১৫ হাজার মানুষ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দীর্ঘ ৩০ বছর ধরে অপদখলে থাকা একটি সরকারি যাতায়াত পথ উদ্ধার করে পুনরায় চলাচলের উপযোগী করা হয়েছে। অবরুদ্ধ রাস্তাটি সচল হওয়ায় অন্তত ১৫ হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটেছে। এতে পুরো এলাকায় স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।
গত মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চর বামনেরচর এলাকায় সার্ভেয়ার দিয়ে সীমানা মেপে রাস্তাটি উদ্ধার ও প্রাথমিক সংস্কারকাজ সম্পন্ন করা হয়।
স্থানীয় বাসিন্দা ও ইউপি পরিষদ সূত্রে জানা গেছে, চর বামনেরচর গ্রামে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। গ্রামটির প্রধান সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার সুযোগে এলাকার কিছু প্রভাবশালী লোক ধীরে ধীরে সেটি অপদখল করে নেয়। ফলে রাস্তা দিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতদিন ধরে বিকল্প সংকীর্ণ পথে যাতায়াত করতে গিয়ে স্থানীয়দের কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও মুমূর্ষু রোগীদের চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
অবশেষে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিকের বিশেষ উদ্যোগ এবং গ্রামের সচেতন মানুষের যৌথ প্রচেষ্টায় জমি পরিমাপক (সার্ভেয়ার) এনে রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ করা হয়। পরে মাটি কেটে সংস্কারের মাধ্যমে রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা হয়।
দীর্ঘ তিন দশক পর বন্ধ রাস্তাটি নতুন করে চালু হওয়ায় খুশিতে উচ্ছ্বসিত এলাকবাসী। স্থানীয় বাসিন্দা আবুল হাশেমসহ অনেকেই বলেন, “আমাদের দীর্ঘ ৩০ বছরের দুঃখের অবসান ঘটল। এতদিন কৃষিপণ্য বা রোগী নিয়ে চলাফেরা করা অসম্ভব ছিল। মেম্বার ও সমাজের সচেতন মানুষদের এই উদ্যোগের ফলে আমরা আজ নতুন করে মুক্তভাবে যাতায়াতের সুযোগ পেলাম।” ভুক্তভোগী এলাকাবাসী দাবি জানান, ভবিষ্যতে যেন এটি স্থায়ীভাবে পাকা করার ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে পুনরায় কেউ এটি দখল করতে না পারে।
এ বিষয়ে ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিক বলেন, “দীর্ঘদিন ধরে কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে রাস্তাটি বন্ধ ছিল এবং সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছিল। এলাকাবাসীকে সাথে নিয়ে সীমানা চিহ্নিত করে রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়েছে। ভবিষ্যতে এটিকে সরকারি প্রকল্পের মাধ্যমে পূর্ণাঙ্গ পাকা রাস্তায় উন্নীত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।