![]() |
| জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড |
জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অপরাধে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও একই সাথে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের ছাত্তার আলী (৪২), আব্দুল মালেক (৪৪) ও আনোয়ার হোসেন (৩২)। এদের মধ্যে ছাত্তার আলী রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক মামলার বরাত দিয়ে জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার শংকরপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় ভুক্তভোগী গৃহবধূর বাড়িতে মদ্যপ অবস্থায় যায় অভিযুক্তরা। গৃহবধূ ঘর থেকে বের হলে তাঁর মুখে গামছা পেঁচিয়ে বাড়ির পাশের ঝোপে নিয়ে তিনজন মিলে পর্যায়ক্রমে গণধর্ষণ করে। ওই সময় ভুক্তভোগীর স্বামী ঢাকায় কর্মরত ছিলেন। এ ঘটনার তিন দিন পর ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আসামিদের উপস্থিতিতে আজ আদালত এ ঐতিহাসিক রায় দেন। রায়ে প্রত্যেককে মৃত্যুদণ্ড, একই সাথে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও বাদীপক্ষ।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।