![]() |
| জামালপুরে বন্ধ বাসা থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার |
জামালপুরে বন্ধ বাসা থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
জামালপুর শহরের একটি ভাড়া বাসার বন্ধ ঘর থেকে পচা দুর্গন্ধ পেয়ে ইশরাত জাহান রিমা নামে সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর ফ্যানে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে শহরের দক্ষিণ কাচারিপাড়ার স্বপ্নপুরী আবাসিক এলাকার একটি চারতলা বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিমা মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পণ্ডিতপাড়া এলাকার মো. রশিদুল্ল্যাহ মণ্ডলের মেয়ে এবং তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে রিমার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। একপর্যায়ে ঘর থেকে প্রচণ্ড পচা দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীরা বিষয়টি সন্দেহজনক মনে করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে জামালপুর সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর গলিত মরদেহ দেখতে পান।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিমার আগে একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারে একটি সন্তান রয়েছে (যা প্রথম স্বামীর কাছে আছে)। পরবর্তীতে ২০২৪ সালে মাদারগঞ্জের চাঁদপুর এলাকার জেবু তালুকদারের ছেলে শুভর সঙ্গে গোপনে রিমার বিয়ে হয়। তবে শুভর পরিবার এই বিয়ে মেনে না নিয়ে তাকে অন্যত্র বিয়ে দিলেও রিমার সঙ্গে সম্পর্ক বহাল রাখে শুভ। স্বজনদের অভিযোগ, সম্প্রতি শুভর পরিবার রিমার ওপর সম্পর্ক ছিন্ন করার জন্য তীব্র মানসিক চাপ সৃষ্টি করে। এই চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে পরিবারের ধারণা।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ্ জানান, ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ইশরাত জাহান রিমার মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।