![]() |
| ইসলামপুরকে আগামী প্রজন্মের সেরা বাসস্থান গড়তে কাজ করছেন এমপি সুলতান মাহমুদ বাবু |
ইসলামপুরকে আগামী প্রজন্মের সেরা বাসস্থান গড়তে কাজ করছেন এমপি সুলতান মাহমুদ বাবু
জামালপুরের ইসলামপুরকে আগামী প্রজন্মের সেরা ও বসবাসযোগ্য বাসস্থানে রূপান্তর করতে এবং প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তবে স্থানীয় একটি মহল তাঁর এই উন্নয়ন ও অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।
সংবাদকর্মীদের সাথে আলাপকালে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, "কৃষক, সাধারণ খেটে খাওয়া মানুষ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সরকারের মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে আমার উপজেলায় কৃষকদের জন্য কৃষক কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, নদীভাঙন রোধে তাৎক্ষণিক পদক্ষেপ ও মা-শিশু কল্যাণ কেন্দ্র চালু করা হয়েছে।"
তিনি আরও জানান, ইসলামপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যমুনা নদীর ওপর তিনটি সেতু নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের কাজ বাস্তবায়নের পথে রয়েছে। একই সঙ্গে তিনি সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও ইভটিজিং প্রতিরোধে দল-মত নির্বিশেষে সামাজিক প্রতিরোধ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
দলীয় নেতাকর্মীদের মতে, সুলতান মাহমুদ বাবু তাঁর ৪৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ২৫ বছর আগেই ইসলামপুরবাসী তাঁকে ‘উন্নয়নের রূপকার’ হিসেবে আখ্যায়িত করেছেন। একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও রাজপথে ও জনপদে সাধারণ মানুষকে সাথে নিয়ে এসব চক্রান্ত প্রতিহত করা হবে বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।