![]() |
| ইসলামপুরে মাদকাসক্ত বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন ছেলে, ৬ মাসের কারাদণ্ড |
ইসলামপুরে মাদকাসক্ত বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন ছেলে, ৬ মাসের কারাদণ্ড
জামালপুরের ইসলামপুরে দীর্ঘদিনের মাদক সেবন ও পরিবারের সদস্যদের ওপর অমানুষিক নির্যাতনের দায়ে অতিষ্ঠ হয়ে নিজের বাবাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছেলে।
গত রবিবার (২৩ আগস্ট) রাতে পৌর শহরের বেপারীপাড়া এলাকায় মাদক সেবনরত অবস্থায় আরিফ বেপারী (৩৮) নামে ওই ব্যক্তিকে পুলিশ আটক করে। পরে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আরিফ বেপারী স্থানীয় মুলাইম খাঁ বেপারীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আরিফ বেপারীর সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। কয়েক মাস আগে তাঁর স্ত্রী মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর পর থেকেই তিনি ব্যাপকভাবে মাদকাসক্ত হয়ে পড়েন এবং মাদকের টাকার জন্য বৃদ্ধ বাবা-মা ও সন্তানকে মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকেন। মাদক ছাড়ার অনুনয়-বিনয় জানালেও তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠতেন।
অবশেষে বাবার এমন অমানবিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলে মোহন বেপারী বাধ্য হয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে হাতেনাতে আরিফ বেপারীকে আটক করে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে এই কারাদণ্ড দেন। দণ্ড প্রদানের সময় আরিফ বেপারীর বৃদ্ধ বাবা মুলাইম খাঁ, মা মোছা. আলেমা ও ছেলে মোহন বেপারী উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।