![]() |
| জিনের নির্দেশে কবর থেকে তুলে বৃদ্ধার মরদেহ হাসপাতালে, পরীক্ষা শেষে ফের দাফন |
জিনের নির্দেশে কবর থেকে তুলে বৃদ্ধার মরদেহ হাসপাতালে, পরীক্ষা শেষে ফের দাফন
জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে। জীবিত সন্দেহে কুসংস্কারবশত পরিবারের সদস্যরা এই কাজ করেছেন বলে জানা গেছে। অদ্ভুত এই ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করলে শনিবার সকাল ৮টার দিকে ধর্মীয় রীতি অনুযায়ী স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তবে দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের কয়েকজন সদস্যের আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়।
তাঁদের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়ে ‘জিনের আছরের’ মুখোমুখি হন এবং জিনের নির্দেশে জানতে পারেন যে তাঁদের মা এখনো কবরে জীবিত আছেন। এই অন্ধবিশ্বাস থেকে স্বজনেরা গভীর রাতে কবর খুঁড়ে মরদেহ উদ্ধার করেন।
পরবর্তীতে জীবিত ভেবে মরদেহটি প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ করে স্পষ্ট জানিয়ে দেন যে বৃদ্ধা বহু আগেই মৃত্যুবরণ করেছেন।
হাসপাতাল থেকে নিশ্চিত হওয়ার পর রাতেই পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি ফিরিয়ে আনেন এবং পরে পুনরায় দাফন কাজ সম্পন্ন করেন।
এ ঘটনায় অদ্ভুত ও অলৌকিক দাবির বিষয়টি ছড়িয়ে পড়লে চরম বিস্ময়ের সৃষ্টি হয়। তবে পরিবারের সদস্যরা কিংবা সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্বশীল কেউ এ বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে জামালপুর জেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়দের মতে, অসচেতনতা ও কুসংস্কারের বশবর্তী হয়েই স্বজনেরা এমন কাণ্ড ঘটিয়েছেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।