![]() |
| বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা |
বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের তরমুজ পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তরমুজ পাড়া এলাকায় একটি অসাধু চক্র অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। খবর পেয়ে সোমবার বিকেলে মাটি কাটা বন্ধে সরাসরি ঘটনাস্থলে অভিযানে যান সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার হাতেনাতে প্রমাণ পাওয়ায় এর সঙ্গে জড়িত থাকার অপরাধে মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে স্থানীয় সচেতন মহল জানান, বকশীগঞ্জের বিভিন্ন গ্রাম ও নদ-নদীর আশপাশ থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা হচ্ছে। পরিবেশ ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের এমন অভিযান নিয়মিত ও জোরদার করার দাবি জানান তাঁরা।
একই সঙ্গে প্রভাবশালী অসাধু চক্রের হাত থেকে ফসলি জমি ও নদী-নালা রক্ষায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাটি সচেতন জনগণ।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।