![]() |
| বকশীগঞ্জে আবারও পাচারকালে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করল প্রশাসন |
বকশীগঞ্জে আবারও পাচারকালে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করল প্রশাসন
জামালপুরের বকশীগঞ্জে অসাধু চক্রের অবৈধ সার পাচারের অপচেষ্টা আবারও নস্যাৎ করে দিয়েছে প্রশাসন। দ্বিতীয় দিনের মতো দুটি অটোরিকশায় পাচারকালে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে এসব সার আটক করা হয়। এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের উত্তর বাজার থেকে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছিল উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি অসাধু সিন্ডিকেট চক্র বকশীগঞ্জের সরকার নির্ধারিত সারের বরাদ্দ গোপনে অন্য এলাকায় পাচারের পাঁয়তারা করে আসছে। মঙ্গলবার বিকেলে বাট্টাজোড় নতুন বাজার হয়ে দুটি অটোরিকশায় করে ২৫ বস্তা ইউরিয়া সার পাচারের চেষ্টার বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা রিকশা দুটি আটকে দেন।
খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সারগুলো সরকারি হেফাজতে নিয়ে জব্দ ঘোষণা করেন। পরবর্তীতে জব্দকৃত ২৫ বস্তা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জের ইউএনও মুরাদ হোসেন জানান, "জব্দকৃত সারগুলো কৃষি কর্মকর্তার হেফাজতে হস্তান্তর করা হয়েছে। বিধিমোতাবেক এসব সার ন্যায্যমূল্যে স্থানীয় প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সারের কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ পাচারের সাথে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।