ইসলামপুরে চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের করুণ মৃত্যু
জামালপুরের ইসলামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঞ্চন মিয়া (৩৫) নামের এক চালকের করুণ মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত কাঞ্চন মিয়া ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চন মিয়া প্রতিদিনের মতো তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি রাতে নিজ বাড়িতে চার্জে দিয়ে রেখেছিলেন। আজ সকালে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য চার্জারের পিন খুলতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। স্বজনেরা টের পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি; গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।





খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।