![]() |
| বিয়ের দাবিতে ১০ দিন অনশনের পর জামালপুরে প্রেমিকের বিরুদ্ধে মামলা |
বিয়ের দাবিতে ১০ দিন অনশনের পর জামালপুরে প্রেমিকের বিরুদ্ধে মামলার আবেদন, অভিযুক্ত ৭
জামালপুরের দেওয়ানগঞ্জে দীর্ঘ ১০ দিন ধরে প্রেমিক সেনাসদস্যের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থানের পর অবশেষে থানায় মামলা দায়ের করা হয়েছে। একাধিক সালিস-বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা খশরু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলাটি আনুষ্ঠানিকভাবে রুজু করা হয়। মামলায় সেনাবাহিনীতে কর্মরত সৈনিক জীবন মিয়াকে প্রধান আসামি করে মোট ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের উত্তর সাপমারী গ্রামের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী মিষ্টি আক্তারের সঙ্গে তারাটিয়া-পোড়াবিটা জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে সেনাসদস্য জীবন মিয়ার বিগত ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ১০ সেপ্টেম্বর বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে বাড়িতে ডেকে নেন জীবন। কিন্তু পরে তাকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে মারধর করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়।
প্রত্যাখ্যাত হয়ে মিষ্টি আক্তার বিয়ের দাবিতে প্রেমিক জীবন মিয়ার বাড়িতে টানা ১০ দিন অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিষয়টির সুষ্ঠু বিচার ও আইনগত সমাধানের দাবিতে ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং গত ১৫ সেপ্টেম্বর শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।
তবে ঘটনার পর থেকে প্রেমিক জীবন মিয়া ও তাঁর স্বজনরা পলাতক থাকায় তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, "মিষ্টি আক্তারের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে সেনাসদস্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।