![]() |
| অনলাইনে হুঙ্কার না দিয়ে বাংলাদেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী |
অনলাইনে হুঙ্কার না দিয়ে বাংলাদেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, "জনগণের পেটে লাথি মেরে, মা-বোনদের বুক খালি করে এবং শিশুসহ আমাদের ভাই-বোনদের হত্যা করে দেশ ছেড়েছেন। সেই সব হত্যাকাণ্ডের বিচারের আওতায় আসতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, অনতিবিলম্বে বাংলাদেশে আসতে হবে। অনলাইনে হুঙ্কার দিলে হবে না, বুকের পাটা থাকলে বাংলাদেশের মাটিতে আসেন—আপনাদের জন্য ফাঁসির মঞ্চ ও বিচার দুটোই প্রস্তুত আছে।"
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আওয়ামী লীগের বিগত শাসনের তীব্র সমালোচনা করে আরও বলেন, "অতীতে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, শুধু লুটপাট চালিয়েছে। জামালপুর কিংবা আমার নান্দাইলসহ ময়মনসিংহে প্রকৃত কোনো উন্নয়ন তারা করেনি। ঢাকা শহরের দু-একটি ব্রিজ ও ওভারপাস বানিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে, যা ছিল সাধারণ জনগণের কষ্টার্জিত অর্থ।"
জামালপুর শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সুলতান মাহমুদ বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে সমাপ্ত হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।