![]() |
| দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যানগাড়ি, চালকের মর্মান্তিক মৃত্যু |
দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যানগাড়ি, চালকের মর্মান্তিক মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানগাড়ি রাস্তার পাশের পুকুরে পড়ে সুজন মিয়া (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারসংলগ্ন হালির মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুজন মিয়া তার ব্যাটারিচালিত ভ্যান গাড়িতে একজন নারী যাত্রী নিয়ে তারাটিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাজারের কাছাকাছি হালির মোড় নামক স্থানে পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়।
এ সময় পানিতে পড়ে ভ্যানে থাকা যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা চালক সুজন মিয়া ও যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।