![]() |
| আবেদন ছাড়াই জাল কাগজে বদলে গেল সম্ভাব্য ইউপি মেম্বার প্রার্থীর ভোটার এলাকা |
আবেদন ছাড়াই জাল কাগজে বদলে গেল সম্ভাব্য ইউপি মেম্বার প্রার্থীর ভোটার এলাকা
জামালপুরের ইসলামপুরে কোনো আবেদন কিংবা সম্মতি ছাড়াই জালিয়াতির মাধ্যমে এক সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী ও তাঁর ভাইয়ের ভোটার এলাকা অন্য উপজেলায় স্থানান্তরের গুরুতর অভিযোগ উঠেছে। জালিয়াতির এই ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
অনুসন্ধানে জানা যায়, ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামের নূরনবী শেখ ও তাঁর ভাই মিলন শেখ পুরুষানুক্রমে ওই এলাকাতেই বসবাস করছেন। নূরনবী শেখ গত ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরগোয়ালিনী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী নির্বাচনেও প্রার্থী হওয়ার প্রস্তুতি হিসেবে সম্প্রতি ভোটার তালিকা যাচাই করতে গেলে তিনি জানতে পারেন—তাঁর ও তাঁর ভাইয়ের ভোটার স্থান পরিবর্তন হয়ে পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলায় চলে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২০ জুলাই নূরনবী শেখ ও মিলন শেখের নামে ভোটার স্থানান্তরের আবেদন জমা পড়ে মেলান্দহ উপজেলা নির্বাচন অফিসে। পরবর্তীতে গত ২৫ আগস্ট ইসলামপুর নির্বাচন অফিস অনুমোদন দিলে তাঁদের ভোটার এলাকা পরিবর্তন করে মেলান্দহের দুরমুঠ ইউনিয়নের হাতিজা ও জাঙ্গালিয়া গ্রামে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী নূরনবী শেখের অভিযোগ, নির্বাচনে যেন প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, সেজন্য স্থানীয় একটি প্রভাবশালী চক্র অর্থের বিনিময়ে ও নির্বাচন অফিসের অসাধু কর্মচারীদের যোগসাজশে এই জালিয়াতি করেছে। তাঁর ভাই মিলন শেখ এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, "ভোটার এলাকা স্থানান্তরের প্রাথমিক প্রক্রিয়াটি মেলান্দহ নির্বাচন কার্যালয় সম্পন্ন করেছে। আমরা প্রাপ্ত আবেদনের ভিত্তিতে কেবল অনুমোদন দিয়েছি।"
অন্যদিকে মেলান্দহ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান জালিয়াতির বিষয়টি স্বীকার করে বলেন, "একটি চক্র ভুয়া কাগজপত্র ও জালিয়াতির মাধ্যমে এই আবেদনগুলো করেছিল, যা তাৎক্ষণিকভাবে বোঝা সম্ভব হয়নি। বিষয়টি জানার পর তাঁদের পুনরায় স্ব-স্ব ভোটার এলাকায় ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।"




খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।