![]() |
| ডিজিএমের পদত্যাগের দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ, স্থবির লোড-আনলোড |
ডিজিএমের পদত্যাগের দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ, স্থবির লোড-আনলোড
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমান ফিড মিলের উপ-মহাব্যবস্থাপকের (ডিজিএম) পদত্যাগসহ বিভিন্ন বকেয়া ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কারখানার সাধারণ শ্রমিকেরা।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আমান ফিড মিল চত্বরে শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রার কর্তৃক নিবন্ধিত শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বৈষম্যহীন কর্মপরিবেশ তৈরি, অন্যায্য শ্রমিক ছাঁটাই বন্ধ, স্থায়ী নিয়োগ ও পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের দাবিতে শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতারা দুর্নীতিগ্রস্ত ডিজিএম সালাউদ্দিন আহমেদের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। শ্রমিক নেতা আল ইমরান সতর্ক করে বলেন, "ডিজিএমের পদত্যাগ এবং বহিরাগত শ্রমিকদের কারখানায় অনুপ্রবেশ বন্ধ করতে হবে। দীর্ঘদিনের বঞ্চিত শ্রমিকদের স্থায়ী নিয়োগ, সঠিক পরিচয়পত্র ও ন্যায্য মজুরির দাবি পূরণ না করা হলে পরবর্তীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"
বিক্ষোভ চলাকালে কারখানার মালামাল লোড-আনলোড কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে আমান ফিডের উৎপাদন ও বিপণন ব্যবস্থায় সাময়িক স্থবিরতার সৃষ্টি হয় এবং পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বিক্ষোভ চলাকালীন বক্তব্য জানার জন্য গণমাধ্যমকর্মীরা আমান ফিড মিলের প্রশাসনিক কার্যালয়ে গেলে তাদের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। পরবর্তীতে আমান ফিড মিলের ডিজিএম মোহাম্মদ সালাউদ্দিন আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে জানান, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাহেবের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।