![]() |
| উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ |
উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক রেজওয়ান (৩২) নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর চারটার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া পাটধারী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক রেজওয়ান বগুড়া সদর উপজেলার হেলেঞ্চা গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। সংঘর্ষের পর গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পরপরই হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে একাধিকবার ফোন করে বিষয়টি জানানো হয়। তবে পুলিশ সময়মতো ঘটনাস্থলে না পৌঁছে দীর্ঘ সময় পর আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে নিহতের নিথর দেহ বগুড়া-নগরবাড়ী মহাসড়কে রেখে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
তবে পুলিশ দেরিতে পৌঁছানোর অভিযোগটি অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দ্রুতগামী টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।
পরবর্তীতে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে স্থানীয়দের বুঝিয়ে শান্ত করলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত চালকের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।