![]() |
| ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে গ্রেফতার ২ |
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে গ্রেফতার ২
জামালপুরের ইসলামপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও পর্যালোচনা করে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত তিনটার দিকে উপজেলার নোয়ারপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোফাশেরুল ইসলাম নিশাদ এবং ছাত্রলীগ কর্মী মোস্তাফিজুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ইসলামপুর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ৪১ সেকেন্ডের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি নজরে আসার পর পুলিশ এতে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ওই দুই নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, "গ্রেফতারকৃত দুজন ছাত্রলীগের ঝটিকা মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিডিও ফুটেজ দেখে মিছিলে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।"
এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই ঝটিকা মিছিলের তীব্র প্রতিবাদ জানিয়ে ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। ছাত্রদলের নেতৃবৃন্দ মিছিল থেকে অবিলম্বে ঘটনায় জড়িত সকল আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির জোর দাবি জানান।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।