![]() |
| উল্লাপাড়ায় মণ্ডপে মণ্ডপে দেবীর চক্ষুদান ও মহাসপ্তমী পূজা, ভিড় সামলাতে ব্যাপক আয়োজন |
উল্লাপাড়ায় মণ্ডপে মণ্ডপে দেবীর চক্ষুদান ও মহাসপ্তমী পূজা, ভিড় সামলাতে ব্যাপক আয়োজন
দেবী দুর্গার সুনিপুণ চক্ষুদান, প্রাণপ্রতিষ্ঠা, আসন স্থাপন এবং সপ্তমাদি কল্পারম্ভের মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসমারোহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই ঢাকের বাদ্য, চন্দনের সুবাস, ধূপের ধোঁয়া আর রঙিন আলোকসজ্জায় উল্লাপাড়ার মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল নেমেছে। চক্ষুদান ও দেবীকে জাগ্রত করার পর আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয় জল, পুষ্পমাল্য, ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দেবীর চরণে অঞ্জলি নিবেদন করছেন পুণ্যার্থীরা।
আয়োজকরা জানান, শনিবার সকাল থেকে শুরু হওয়া এই দেবীর আরাধনা আগামী বুধবার দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। উৎসবের দিনগুলোতে প্রতিদিন সকালে অঞ্জলি, দুপুরে প্রসাদ ও ভোগ বিতরণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ আলোকসজ্জার মধ্যে বর্ণাঢ্য আরতির আয়োজন রাখা হয়েছে।
আরও পড়ুন:
- বকশীগঞ্জে গভীর রাতে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
- ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
- রৌমারী ও রাজিবপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তা
- নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু, মিলবে একই ছাদের নিচে পূর্ণাঙ্গ চিকিৎসা
- শিক্ষার্থীদের ভুয়া স্লোগানের মুখে না ঢুকেই ফিরলেন জামালপুর নার্সিং কলেজের অধ্যক্ষ
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উল্লাপাড়া পৌরসভাসহ সমগ্র উপজেলার গ্রাম ও পাড়া-মহল্লায় সর্বমোট ৯৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
পৌরসভার শ্যামলীপাড়া মিলন মন্দিরে আসা এক দর্শনার্থী উল্লাপাড়ার চমৎকার উৎসবমুখর পরিবেশের কথা তুলে ধরে বলেন, "অত্যন্ত ধুমধাম ও উৎসবমুখর আবহে আমরা পূজা উদযাপন করছি। মায়ের চরণে আমাদের প্রধান প্রার্থনাই হলো দেশে যেন সবসময় শান্তি, সম্প্রীতি ও সুস্থ পরিবেশ বিরাজ করে।"
শ্যামলীপাড়া মিলন মন্দির কমিটির অন্যতম প্রতিনিধি তন্ময় তনু জানান, "অন্যান্য বারের তুলনায় এবার আমরা মণ্ডপে কিছুটা ব্যতিক্রমী ও নতুনত্বের ছোঁয়া এনেছি। বিশেষ করে মণ্ডপে আসা নারী ভক্তদের সাচ্ছন্দ্যে পূজা অর্চণা ও সুশৃঙ্খলভাবে প্রবেশের সুবিধার্থে আমরা পৃথক ব্যবস্থা গড়ে তুলেছি।"
(ads2)
উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুজিত কুমার ঘোষ জানান, "বিগত বছরের তুলনায় এবার উল্লাপাড়ায় পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সকল মণ্ডপেই স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের সহযোগিতায় সম্পূর্ণ আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমীর যাবতীয় ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।