![]() |
| ঢাকায় শুরু হলো দেশের বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ |
(ads1)
আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয়ে পর্যটন খাতের বিকাশ ও বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা—বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়।
‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের মেলায় পার্টনার দেশ হিসেবে রয়েছে মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও নেপাল।
আজ বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি। মেলাটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন:
- জেকে লাইফস্টাইল পরিদর্শন করলেন আন্তর্জাতিক এস্থেটিক সার্জন মি. এ জয়া প্রকাশ
- রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে ৫ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
- মেলান্দহের সেই প্রতারক ইমাম কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য
- বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
- জামালপুরের মেলান্দহে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান, বাংলাদেশস্থ ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ।
মেলায় টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
টানা ১৩ বার সফল আয়োজনের পর ১৪তম আসরে পা রাখা বিটিটিএফ আজ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় পর্যটন মেলায় পরিণত হয়েছে।
এবারের মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ ২০টি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন প্রতিনিধি ও সংস্থা অংশ নিচ্ছে।
মেলায় ২০০-র বেশি বুথ ও স্টল, ২২০-এর বেশি এক্সিবিটর, ২৫০-এর বেশি কোয়ালিফাইড বায়ার এবং ৬০ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে। এছাড়া চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে দুই শতাধিক এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নিয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, “বাংলাদেশের পর্যটন খাত আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে নতুন এক যুগে প্রবেশ করছে। বিটিটিএফের মতো প্ল্যাটফর্ম দেশের পর্যটন খাতকে বিকশিত ও বিশ্বের মানচিত্রে তুলে ধরার পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনের চর্চা বাড়াতে অনন্য ভূমিকা রাখছে।”
টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, “গত ১৩ বার সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ আজ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই মেলা দেশীয় পর্যটনকে বিশ্বদরবারে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক অংশীজনদের সাথে নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
(ads2)
উল্লেখ্য, মেলাটি সফল করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এনএসডিএ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশ ও এফবিসিসিআই সার্বিক সহযোগিতা প্রদান করছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।