![]() |
| ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মেগা সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী |
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মেগা সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেনী অঞ্চলের দীর্ঘদিনের বন্যা সমস্যা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ ও কৃষি উৎপাদন বাড়াতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার উপকণ্ঠে খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি উপস্থিত স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নদীর পার ঘেঁষে আয়োজিত কর্মসূচিতে চারা রোপণ করেন।
চলতি বছরের ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত এ প্রকল্পের আওতায় ৬৭.৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১.৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩.৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে এর বাস্তবায়ন সম্পন্ন করার লক্ষ্য ধরা হয়েছে। পরবর্তী ধাপে সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ ও সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে।
আরও পড়ুন:
- সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
- চিলমারীতে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ১২
- উল্লাপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জালের কারখানা জব্দ, ১ লাখ টাকা জরিমানা
- অনশনের পর জামালপুরে প্রাথমিকে নিয়োগ পেলেন ৪৪ জন, বকশীগঞ্জের ১ জনসহ বাদ ৭
- মেলান্দহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওয়ানা হয়ে দুপুর সোয়া একটার দিকে পরশুরামে পৌঁছান প্রধানমন্ত্রী।
পরশুরামে সেচ প্রকল্পের উদ্বোধন ও জনসভা শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীতে অবস্থিত বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করেন। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শনের পর তিনি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার সরকারি ভবনে স্থাপিত মোট ৯৬২.৫ কিলোওয়াট ক্ষমতার ছাদভিত্তিক (রুফটপ) সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক সুধী ও জনসমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফেনী জেলার মোট ৭ হাজার ৬৪৩ জন কৃষককে 'কৃষক কার্ড', ফুলগাজীর ৫১০টি পরিবারকে 'ফ্যামিলি কার্ড' এবং স্থানীয় ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতদের সরকারি সম্মানীর তহবিল হস্তান্তর করবেন তিনি। সমাবেশ শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ফেনী-১ আসনটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পিতৃভূমি ও তাঁর স্মৃতিবিজড়িত অন্যতম প্রধান নির্বাচনী এলাকা, যেখান থেকে তিনি ১৯৯১ সাল থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জয়নাল আবেদীন এবং রেহানা আক্তার রানুসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।