![]() |
| বকশীগঞ্জ সীমান্তে মাদক, গরু ও প্রসাধনী চোরাচালান বেড়েছে, অভিযানেও থামছে না |
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে মাদক, ভারতীয় গরু ও প্রসাধনী পণ্যের চোরাচালান উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধারাবাহিক অভিযানের পরও চোরাচালান পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে প্রশাসনের নজর এড়িয়ে এসব অবৈধ পণ্য ও মাদক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে।
সীমান্ত এলাকায় মাদকের সহজলভ্যতা ও বিস্তার নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন অভিভাবক ও সচেতন মহল। স্থানীয় বাসিন্দাদের মতে, মাদকের প্রভাবে যুবসমাজ মারাত্মক হুমকির মুখে পড়ছে এবং সামাজিক অস্থিরতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নজরদারি ও অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রশাসনিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা ভারতের সীমান্তঘেঁষা। এ ছাড়া জামালপুর জেলার উত্তরে রাজিবপুর ও রৌমারী এবং পূর্বে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা ভারত সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত। এসব সীমান্তের মধ্যে বকশীগঞ্জ উপজেলা ভৌগোলিক ও বাণিজ্যিক কারণে গুরুত্বপূর্ণ। এখানে ধানুয়া কামালপুর স্থলবন্দর, লাউচাপড়া বিনোদন কেন্দ্র ও সাধু আন্দ্রে ধর্মপল্লী থাকায় এলাকাটি আলাদা গুরুত্ব বহন করে। তবে সীমান্তবর্তী অবস্থানকে কাজে লাগিয়ে একটি চক্র মাদক, গরু ও প্রসাধনী পাচারের রুট হিসেবে এই অঞ্চলকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
- কাজিপুরে জব্দকৃত ২,৫০০ কেজি গ্রানুলার ইউরিয়া সার নিলামে বিক্রি
- ঘরে বসে কোরআনের অর্থ শেখার কার্যকর ধাপ ও সতর্কতা
- বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় Haier Bangladesh
- মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ায় পোশাক খুলে পরীক্ষা ও কারাদণ্ডের বিতর্ক
- বিয়ের গুঞ্জন থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়: নিজের শর্তেই অটল মিমি চক্রবর্তী
স্থানীয় সূত্রের দাবি, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বকশীগঞ্জ ও শ্রীবরদীর সীমান্তঘেঁষা এলাকাগুলোতে চোরাকারবারীদের তৎপরতা বেড়ে যায়। বিশেষ করে বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া, দিঘলকোনা, টিলাপাড়া, সোমনাথপাড়া, লাউচাপড়া এবং শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্ত দিয়ে রাতের আঁধারে মাদকের চালান দেশে ঢুকছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, কয়েকটি সংঘবদ্ধ সিন্ডিকেট এসব মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছে।
মাদকের পাশাপাশি সীমান্ত দিয়ে নিয়মিত ভারতীয় গরু ও প্রসাধনী পণ্য পাচার হচ্ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বকশীগঞ্জ ও শ্রীবরদী সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই অবৈধভাবে গরু আনা হচ্ছে। এতে একদিকে যেমন সীমান্তের নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে, তেমনি বৈধ পথে গরু না আসায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি ভারতীয় কসমেটিকস ও প্রসাধনী সামগ্রী বকশীগঞ্জের বিভিন্ন পথ হয়ে দেশের নানা স্থানে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সীমান্তের বাসিন্দাদের অনেকের ধারণা, এসব চোরাচালানের কারণে প্রতিদিন কোটি টাকার অবৈধ লেনদেন হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক লাউচাপড়া এলাকার এক বাসিন্দা জানান, রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত সীমান্তে চোরাকারবারিরা বেশি সক্রিয় থাকে এবং সুযোগ বুঝে মাদক, গরু ও প্রসাধনী নিয়ে আসে। তাঁর দাবি, মাঝেমধ্যে মাদক বা চোরাই পণ্য জব্দ হলেও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি মহল চোরাচালান অব্যাহত রেখেছে।
সাম্প্রতিক সময়ে বকশীগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে অবৈধ পণ্য ও মাদক জব্দের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকা থেকে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা মূল্যের এক হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করে জামালপুর ৩৫ বিজিবি। এর কয়েক দিন আগে একই গ্রাম থেকে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া ভারতীয় গরু পাচারের সময় আটটি গরু জব্দ করে বকশীগঞ্জ থানা পুলিশ এবং বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী পণ্যও ধরা পড়েছে।
সীমান্তের এই পরিস্থিতি নিয়ে গত ২৩ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় সাম্প্রতিক সময়ে মাদকের বিস্তার ও চোরাচালান বৃদ্ধি নিয়ে সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন। ওই সভায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, চোরাচালান ও মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা জরুরি।
মাদকের বিস্তার প্রসঙ্গে জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করছে এবং পাশাপাশি পুলিশও মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। মাদকের বিস্তার রোধে পুলিশ কাজ করছে এবং অভিযান চলমান থাকবে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, ৩৫ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন সীমান্ত পয়েন্টে মাদক, গরু ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং সীমান্ত অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।