ব্যবসায়ীদের দাবিতে সায়: দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়ালো সরকার
দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে ব্যবসায়ী ও দোকান মালিকদের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে সরকার। এখন থেকে দেশের সব দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই নতুন সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
![]() |
| দোকানপাট ও শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত |
এর আগে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার সন্ধ্যা ৬টার মধ্যে সব দোকানপাট বন্ধ করার কঠোর নির্দেশনা দিয়েছিল। তবে এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় সময় বাড়ানোর জোরালো দাবি জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। ব্যবসায়ীদের এই দাবির প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে সরকার।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়ন করে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, হাসপাতাল, ফার্মেসি ও জরুরি সেবাখাতগুলো এই সময়সীমার আওতামুক্ত থাকবে এবং স্বাভাবিক নিয়মেই পরিচালিত হবে। তবে জাতীয় স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সকল নাগরিক ও ব্যবসায়ীদের সর্বোচ্চ সচেতন হওয়ার এবং মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।