![]() |
| উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে আমান ফিড মিল, রাজশাহীর শ্রম আদালতে মামলা |
উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে আমান ফিড মিল, রাজশাহীর শ্রম আদালতে মামলা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত আমান ফিড মিলে একটি বিতর্কিত ও ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে পড়ে মিল কর্তৃপক্ষ এবং সাধারণ শ্রমিকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
অবৈধ এই ১৫৮ নম্বর ট্রেড ইউনিয়নের সদস্য ও লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রম আদালত রাজশাহীতে ৮ জনকে আসামি করে একটি মামলা (মামলা নং: ৯/২৬/২০২৬) দায়ের করা হয়েছে। আমান ফিড মিলের পক্ষে মো. মুকুল হোসেন এ মামলাটি দায়ের করেন।
গত শুক্রবার সকালে আমান ফিড মিলের অ্যাডমিন সালাউদ্দিন আহমেদ গণমাধ্যম কর্মীদের মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, এই ভুয়া ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল এবং অবৈধ শ্রমিক কার্যালয় বন্ধের দাবি জানিয়ে প্রায় ৩০০ জন সাধারণ শ্রমিকের স্বাক্ষরসংবলিত একটি আবেদনপত্র সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে জমা দেওয়া হয়েছে।
শ্রমিক নেতা দীপ্ত রহমান জানান, "বিগত সরকারগুলোর আমলে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা সিন্ডিকেটের কারণে শ্রমিকেরা দীর্ঘদিন অধিকারবঞ্চিত ছিল। কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা নির্ধারিত মজুরিতে সুশৃঙ্খলভাবে কাজ করে আসছিলাম। অথচ গত ৫ আগস্টের পর একটি কুচক্রী মহল ভুয়া ট্রেড ইউনিয়ন গঠন করে অনৈতিকভাবে কারখানা দখলের অপচেষ্টা ও হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে।"
কারখানার সাধারণ শ্রমিক আজম আলী বলেন, "প্রশাসন ও মালিকপক্ষের যৌথ ব্যবস্থাপনায় শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি পেয়ে সুখে-শান্তিতে কাজ করছিল। কিন্তু কিছু বহিরাগত ও ভুয়া শ্রমিক নামধারী ব্যক্তি মাঝে মধ্যেই মিলে ঢুকে স্বাভাবিক কাজের পরিবেশ নষ্ট করছে। আমরা এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।"
তবে সকল অভিযোগ অস্বীকার করে বিতর্কিত ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, "আমরা শ্রম অধিদপ্তর কর্তৃক অনুমোদিত একটি বৈধ সংগঠন। কিন্তু মিল কর্তৃপক্ষ আমাদের সংগঠনকে মেনে না নিয়ে উল্টো মামলা করেছে। বিষয়টি নিয়ে বর্তমানে সমঝোতার আলোচনা চলছে।"
আমান ফিড মিলের সিকিউরিটি অফিসার আব্দুর রাজ্জাক জানান, "অবৈধ সংগঠনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হিসেবে মামলা দায়ের করা হয়েছে। তাদের উসকানিতে বহিরাগতরা মিলে ঢুকে শ্রমিকদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। বিষয়টি উল্লাপাড়া স্থানীয় প্রশাসন ও কোম্পানির চেয়ারম্যান মহোদয়কে অবহিত করা হয়েছে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।