মেলান্দহে আলমারি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদীর মৃত্যু, আহত নাতি
জামালপুরের মেলান্দহে নিজ বসতবাড়িতে পুরোনো আলমারি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদী বাতাসী বেগম (৬০)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতি তামিম হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামে বুছা পাঠানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাতাসী বেগম একই গ্রামের বুছা পাঠানের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে গৃহবধূ বাতাসী বেগম পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে ঘরে থাকা একটি পুরোনো আলমারি সরানোর কাজ করছিলেন। এ সময় অলক্ষে ঘরের কোণে থাকা একটি পরিত্যক্ত জিআই তার সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে আলমারিটি পুরোপুরি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে আলমারি ধরে থাকা বাতাসী বেগম ও পাশে থাকা তাঁর নাতি তামিম হোসেন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারাত্মক আহত হয়।
পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাতাসী বেগমকে মৃত ঘোষণা করেন। আহত নাতি তামিমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।