![]() |
| রৌমারীতে আদেশ অমান্য করায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা |
রৌমারীতে আদেশ অমান্য করায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য বিভাগের সুস্পষ্ট আদেশ ও সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ক্লিনিক্যাল কার্যক্রম পরিচালনা করায় ‘সালেহা ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান।
অভিযানকালে রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, সাব-ইনস্পেক্টর (এসআই) আদনান, স্যানিটেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিদা বেগম এবং পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সালেহা, সিটি ও সেবা নামক তিনটি ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। চিকিৎসাসেবার নামে অনিয়ম চলায় গত ২০ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ড. স্বপন কুমার বিশ্বাস পত্রের মাধ্যমে প্রতিষ্ঠান তিনটি বন্ধের লিখিত নির্দেশ দেন। তবে সিভিল সার্জনের নির্দেশনা অমান্য করে সালেহা ডায়াগনস্টিক সেন্টার ক্ষমতার দাপটে তাদের পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চালিয়ে আসছিল।
পরবর্তীতে জেলা প্রশাসনের কঠোর নির্দেশে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সরকারি আদেশ অমান্য করার অপরাধে সালেহা ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয় এবং মালিকপক্ষকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়; অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
তবে অভিযানের সময় অপর দুটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় সচেতন মহল ও সেবাগ্রহীতাদের মাঝে নানামুখী আলোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান জানান, "জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারটিতে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে সিলগালা করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে অন্য সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।