![]() |
| মানিকগঞ্জে নৌকা বাইচে চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’, রৌমারীতে আনন্দ র্যালি ও সংবর্ধনা |
মানিকগঞ্জে নৌকা বাইচে চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’, রৌমারীতে আনন্দ র্যালি ও সংবর্ধনা
ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার বেউথা কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়ে বিপুল দাপটে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ ও কুড়িগ্রামের প্রতিনিধি ‘মায়ের দোয়া’ নৌকা। ঐতিহাসিক এই গৌরবান্বিত বিজয়ে উত্তরাঞ্চল কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনের নির্দেশনায় বিজয়ী বাইছাড়দের সম্মান জানাতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের বিশেষ নির্দেশে এ সংবর্ধনার আয়োজন করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান।
জানা গেছে, গত শনিবার (৩ অক্টোবর) মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে উৎসবমুখর পরিবেশে সর্বজনীন ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ২২টি বাঘা বাঘা প্রতিযোগী নৌকা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাগুয়ারচর গ্রামের ‘মায়ের দোয়া’ নামের নৌকাটি প্রতিপক্ষ সব নৌকাকে পেছনে ফেলে ১ কিলোমিটার ব্যবধানে বিশাল জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী আফরোজা খানম বিজয়ী ‘মায়ের দোয়া’ নৌকার পরিচালকমণ্ডলী ও দলনেতার হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং পুরস্কার হিসেবে একটি নতুন মোটরসাইকেল তুলে দেন।
প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের এই নৌকা বাইচে অংশ নিয়েই রংপুর বিভাগ তথা কুড়িগ্রাম জেলার সুনাম বয়ে আনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ তাঁদের সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী বাইছাড় ও পরিচালনা কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও।
সংবর্ধনা অনুষ্ঠানে বন্ধবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কাদের সরকার, উপজেলা জামায়াতের আমীর সাবেক অধ্যক্ষ হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো এবং বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী শাখার সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।