![]() |
| মেলান্দহে চাঁদার দাবিতে বন্ধ রাখা ওয়ালটন শোরুম খুলল পুলিশ |
মেলান্দহে চাঁদার দাবিতে বন্ধ রাখা ওয়ালটন শোরুম খুলল পুলিশ
জামালপুরের মেলান্দহে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে প্রায় এক মাস ধরে তালাবদ্ধ করে রাখা একটি ওয়ালটন শোরুম অবশেষে থানা পুলিশের সহায়তায় খুলে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে মেলান্দহ পৌরসভার মালঞ্চ বাজারে অবস্থিত ‘ওয়ালটন শোরুম’-এর তালা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে খোলা হয়। এ সময় শোরুমের মালিক মাসুদুর রহমান, তাঁর আত্মীয়স্বজন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উৎসুক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত শোরুম মালিক মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, "যে জমির ওপর শোরুমটি নির্মিত, তা ভাঙুনিডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী মঞ্জুরুল হক বাবুলের কাছ থেকে বিধিমোতাবেক কেনা। এই জমি নিয়ে আদালতে মামলা হলে বিজ্ঞ আদালত আমার পক্ষে জমিটির বৈধতার রায় দেন। এতে ক্ষুব্ধ হয়ে জমি দাতার খালাতো ভাই আদ্রা গ্রামের হাসান কবির হুমায়ুন (৪০)-সহ আরও ১০-১২ জন লোক কিছুদিন আগে আমার দোকানে এসে অন্যায়ভাবে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।"
তিনি আরও জানান, দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তাঁরা জোরপূর্বক দোকানে তালা ঝুলিয়ে দেয় এবং তাঁকে ও তাঁর পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। ফলে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগে বিগত এক মাস ধরে স্থানীয় গণ্যমান্যদের বিচার-সালিশ চেয়েও কোনো সুরাহা মেলেনি। পরবর্তীতে বাধ্য হয়ে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাসান কবির হুমায়ুন চাঁদা দাবি ও তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, "মাসুদের সাথে আমার কোনো ধরনের ব্যক্তিগত বিরোধ নেই।"
বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, "দোকানে তালা দিয়ে বন্ধ রাখার ঘটনাটি ইতিপূর্বে পুলিশকে কেউ জানায়নি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানটি পুনরায় খোলার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।