![]() |
| রৌমারী হাসপাতালে দুটি বেড ভেঙে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ |
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলা, অক্সিজেন সরবরাহে জটিলতা ও হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে মজিবুর রহমান (৪৫) নামের এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তাঁর স্বজনরা।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটলে হাসপাতাল ও এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
নিহত মজিবুর রহমানের ছোট ভাই মাইদুল ইসলাম অভিযোগ করেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁর বড় ভাইয়ের পেট ব্যথা শুরু হলে দ্রুত তাঁকে রৌমারী উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
পুরুষ ওয়ার্ডে প্রথম বেডে বসানোর পর সেটি ভেঙে ফ্লোরে পড়ে যায়। এরপর দ্বিতীয় বেডে শোয়ানো হলে সেটিও ভেঙে পড়ে এবং তৃতীয় বেডে নেওয়া হয়।
মাইদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন ঘণ্টা চিকিৎসা নেওয়ার পর রোগীর শ্বাসকষ্ট দেখা দেয়।
চিকিৎসককে ডাকতে গেলে তিনি এক নার্সকে পাঠান এবং অক্সিজেন দেওয়ার কথা বলা হলে নার্স স্বজনদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ করা হয়।
পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে কোনো সকেট সচল না থাকায় সময়মতো অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি; এর মধ্যেই রোগীর মৃত্যু হয় এবং মৃত্যুর পর চিকিৎসক সেখানে যান।
আরও পড়ুন:
- মেলান্দহে প্রফেসর ড. মোহাম্মদ হায়দারের চতুর্থ স্মরণসভা অনুষ্ঠিত
- জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- সপ্তম James Bond হলেন Robert Pattinson, ৬০ বছরের ইতিহাসে নতুন অধ্যায়
- মেলান্দহে কারখানার কাঁচামাল ধ্বংস ও জরিমানায় ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
- জামালপুরে সাড়ে ১১ লাখ টাকার ৭টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি
ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হাসপাতালে প্রবেশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নবীউর রহমান দ্রুত হাসপাতাল ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ডা. নবীউর রহমানের মোবাইল ফোনে কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ভাঙাচোরা বেড, ওষুধ ও অক্সিজেন সংকট এবং স্বজনদের সঙ্গে অসদাচরণের মতো বিষয় নিয়ে ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা আইনশৃঙ্খলা মাসিক সভায় আলোচনা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, তিনি বাইরে রয়েছেন, বিষয়টির খোঁজখবর নিচ্ছেন এবং বরাদ্দকৃত ওষুধ এখনো না পাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, বিষয়টি তাঁর জানা ছিল না; খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।