![]() |
| ইসলামপুরে জমি দখল নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭: এলাকায় চরম আতঙ্ক |
ইসলামপুরে জমি দখল নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭: বড় সহিংসতার আশঙ্কায় এলাকাবাসী
জামালপুরের ইসলামপুর উপজেলায় কবলা মূলে ক্রয়কৃত জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বড় ধরনের সহিংসতার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, চতলাপাড়া গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে মোজাফ্ফর আলী প্রায় ৩০ বছর আগে বিআরএস-৩৪৮২ দাগের ৩৫ শতাংশ জমি একই এলাকার মোছাইন আলীর নিকট বিক্রি করেন। দীর্ঘদিন ধরে মোছাইন আলী ওই জমি ভোগদখল করে আসলেও সম্প্রতি জমির নামজারি (খারিজ) করতে গিয়ে জটিলতা তৈরি হয়। বিআরএস রেকর্ডে মূল বিক্রেতা মোজাফ্ফর আলীর নাম না থাকায় খারিজ আটকে যায়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশ বৈঠক বসে। সালিশে সুধীজনদের উপস্থিতিতে সমঝোতার ভিত্তিতে মোছাইন আলীকে অন্য দাগ থেকে ২০ শতাংশ জমি কবলা (রেজিস্ট্রি) বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পরবর্তীতে মোজাফ্ফর আলীর পক্ষ এই সিদ্ধান্ত মানতে অপরাগতা প্রকাশ করে তালবাহনা শুরু করে। এরই জেরে শনিবার মোছাইন আলী গংরা ওই জমিতে ফসল বুনতে গেলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে তা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয় পক্ষের হাসমত আলী, সৈয়দ জামান, রফিকুল ইসলাম, হোসেন আলী, শাহজাহান ও সাইফুলসহ অন্তত ৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হাসমত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুমূর্ষু অবস্থায় শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তিনি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
চর পুটিমারী ইউনিয়নের সাবেক মেম্বার হোসেন আলী জানান, "মোছাইন আলীর কেনা জমিতে রেকর্ড ভুল হওয়ায় গ্রাম্য সালিশে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এক পক্ষ তালবাহনা করায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।"
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, "জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় দুপক্ষের পক্ষ থেকেই লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।