রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর ইছাকুড়ি গ্রাম সংলগ্ন জিঞ্জিরাম নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের স্থানীয় ব্যবসায়ী আরিফুল ইসলামের ছেলে। শুক্রবার (১৫ মে) সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে জিঞ্জিরাম নদীতে গোসল করতে যায় শিশু আব্দুল্লাহ। গোসলের এক পর্যায়ে পা পিছলে সবার অজান্তে নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। পরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে নদীটির ডুবে যাওয়া স্থানের প্রায় ৫০ গজ দূরে আব্দুল্লাহর নিথর দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। তাকে দ্রুত উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুস সামাদ তাকে মৃত ঘোষণা করেন।
শিশু আব্দুল্লাহর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে চর ইছাকুড়ি গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।