![]() |
| উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ |
উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদেশে অবস্থানরত প্রবাসীর স্ত্রীকে অনৈতিক শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব, নিয়মিত রাস্তাঘাটে উত্ত্যক্তকরণ এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে ফজলুল হক (৫০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ফজলুল হক উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবং বিনায়েকপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগটি দায়ের করেন।
দায়ের করা লিখিত অভিযোগে ওই নারী উল্লেখ করেন, "অভিযুক্ত ফজলুল হকের বাড়ি আমাদের বাড়ির পাশেই। আমার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত আছেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে আমি বাড়ির আশপাশে বা রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবেক মেম্বার ফজলুল হক আমাকে প্রায় সময়ই অনৈতিক কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। আমি তাঁর এসব অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি আমাকে নানাভাবে ভয়ভীতি, গ্রাম ছাড়া করা এবং এমনকি প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন।"
অভিযোগে প্রবাসীর স্ত্রী আরও দাবি করেন, "তাঁর অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে আমার শ্বশুর, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে থানায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছেন। পরবর্তীতে বিষয়টির আপস-মীমাংসার কথা বলে অন্যায়ভাবে ১ লাখ ১০ হাজার টাকা দাবি করছেন। টাকা না দিলে প্রভাবশালীদের নাম ভাঙিয়ে পুলিশ দিয়ে আমার পরিবারের লোকদের গ্রেপ্তার ও হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।"
এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তপন জানান, "ভুক্তভোগী নারীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা ও সাক্ষী-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।