![]() |
| জামালপুরে ৫ শত টাকা বাজিতে জীবন্ত শালিক পাখি চিবিয়ে খাওয়া ব্যক্তি আটক |
জামালপুরে ৫ শত টাকা বাজিতে জীবন্ত শালিক পাখি চিবিয়ে খাওয়া ব্যক্তি আটক
জামালপুরের মাদারগঞ্জে নিছক ৫০০ টাকা বাজি ধরে একটি জীবন্ত শালিক পাখির পা ও ডানা ভেঙে ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার চরম অমানবিক ও নৃশংস অপরাধে সাদুল্লাহ (৫০) নামের এক ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ।
(ads1)
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কয়ালিকান্দি মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সাদুল্লাহ ওই এলাকার হাফিজুলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে স্থানীয় কয়ালিকান্দি বাজারে মাত্র ৫০০ টাকার বাজিতে এক ব্যক্তির সঙ্গে শালিক পাখি খাওয়ার বাজি ধরেন সাদুল্লাহ। বাজি জেতার জন্য তিনি একটি জীবন্ত শালিক পাখির পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলে এবং উপস্থিত জনসমক্ষে ছটফট করতে থাকা পাখিটি ছিঁড়ে ছিঁড়ে কাঁচা মাংস খেয়ে ফেলেন। এ সময় স্থানীয় কিছু উৎসুক জনতা তাকে বাধা দেওয়ার বদলে উল্লাস প্রকাশ করে।
আজ বুধবার সকালে এই নৃশংস ঘটনার দৃশ্য ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মাদারগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সাদুল্লাহকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে।
আরও পড়ুন:
- ইসলামপুরে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন
- মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- নৌকার পক্ষে ভোট চাওয়া বকশীগঞ্জের বিএনপি নেতা পেলেন সারের ডিলারশিপ
- ইসলামপুরে রঙ-তুলির আঁচড়ে প্রাণবন্ত হচ্ছে দুর্গা প্রতিমা, প্রস্তুতি শেষ পর্যায়ে
- জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ, বাড়ি বাড়ি যাবেন তারা
স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "সকালে ফেসবুকে ভিডিওটি দেখে শিউরে উঠেছি। একটি নিরীহ জীবন্ত পাখির ডানা ভেঙে চিবিয়ে খাওয়া কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। সামাজিক ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় না ঘটলে এমন দৃশ্য দেখা সম্ভব নয়।"
জেলার বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিহঙ্গ’-এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রবিন বলেন, "জীবন্ত নিরীহ বন্যপ্রাণীর প্রতি এ ধরনের নিষ্ঠুর আচরণ সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বন্যপ্রাণী ধরা, হত্যা করা বা নির্যাতন করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পশুপাখি সংরক্ষণে সরকারিভাবে ব্যাপক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।"
(ads2)
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, "ঘটনাটি জানার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সাদুল্লাহকে আটক করে থানায় আনা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।