![]() |
| জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩ |
(ads1)
জামালপুরের মেলান্দহে চলন্ত ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক পরিবারের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাঁদের সাত মাস বয়সী কন্যাসন্তান রয়েছেন।
গত ৭ নভেম্বর সকাল ৯টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহ উপজেলার পশ্চিম বুরুঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের ইল্লামারী গ্রামের আবুল হাশেমের ছেলে হাফেজ মোরশেদুল আলম (২৫), তাঁর স্ত্রী হাফেজা ইকরামা খাতুন (২০) এবং তাঁদের সাত মাস বয়সী কন্যা শিশু ইফরা খাতুন। নিহত মোরশেদুল আলম পেশায় একজন মাদ্রাসা শিক্ষক ছিলেন। তাঁরা মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নের চরমাহমুদপুর গ্রামে পরিবারসহ বসবাস করছিলেন।
এ দুর্ঘটনায় আহত অন্য তিনজন হলেন—মেলান্দহ উপজেলার দেওলাবাড়ি গ্রামের নূরে আলম সিদ্দিকীর ছেলে শাকিল আহমেদ (১৬), শিহাটা গ্রামের রঞ্জন আলীর ছেলে হযরত আলী (৪২) এবং শাহাজাতপুরের বরকত আলী মেম্বারের ছেলে শওকত আলী লিখন (৫২)।
আরও পড়ুন:
- ইসলামপুরে অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে যমুনার চরে পরিবার অবরুদ্ধ
- বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির জেরে হামলায় মাছ ও গবাদিপশু লুট, সংবাদ সম্মেলন
- জামালপুরে ট্রেন লাইনে হাঁটার সময় তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
- বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধ ও কারবারিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- জামালপুরে বিজিবির বিশেষ অভিযান, প্রায় ২ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
নিহত হাফেজা ইকরামা খাতুনের মা হাবিবা সুলতানা জানান, তাঁর জামাই হাফেজ মোরশেদুল আলম জামালপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। রাতে এক ধর্মীয় সভা (ধর্মসভা) শেষ করে সকালে পরিবারসহ জামালপুর থেকে মোটরসাইকেল ও অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথিমধ্যে পশ্চিম বুরুঙ্গা পৌঁছালে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার আব্দুল কদ্দুস জানান, সকাল ৯টার দিকে জামালপুর থেকে মেলান্দহগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা জামালপুরগামী একটি দ্রুতগতির চলন্ত ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের করুণ মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে আনার আগেই মৃত ঘোষণা করা হয়। বাকি আহত তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(ads2)
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে মেলান্দহ থানা পুলিশ অভিযান চালাচ্ছ।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।