![]() |
| সম্প্রতি বকশীগঞ্জ সীমান্ত দিয়ে পার করা ভারতীয় গরু আটক করা হলে কর্ণঝোড়া বাজারের রসিদ দেখিয়ে থানা থেকে ছাড়িয়ে আনা হয় গরু গুলো |
জামালপুরের বকশীগঞ্জ ও শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও বাসিন্দাদের দাবি, রাতের আঁধারে সীমান্ত পার করে আনা এসব গরু দিনের বেলায় হাটের রসিদের মাধ্যমে বৈধতা পাচ্ছে; পাশাপাশি দিনের বেলাতেও সুযোগ বুঝে গরু নামানো হচ্ছে।
পাচার হওয়া এসব গরু বকশীগঞ্জ, শ্রীবরদী ও শেরপুর সদর উপজেলার বিভিন্ন ব্যবসায়ী ও কসাইখানায় সরবরাহ করা হচ্ছে, আবার কিছু গরু স্থানীয় বাজারেও বিক্রি হচ্ছে।
এতে দেশী গরুর চাহিদা কমে যাওয়া এবং স্থানীয় খামারীদের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ সীমান্তের বৈষ্ণবপাড়া, লাউচাপড়া, টিলাপাড়া, দিগলাকোনা ও সাতানীপাড়া এবং সংলগ্ন শ্রীবরদীর কর্ণঝোড়া ও মেঘাদলসহ আশপাশের সীমান্ত পয়েন্ট দিয়ে গরু, মাদক ও কসমেটিকস পণ্য চোরাচালান চলছে।
স্থানীয় প্রভাবশালী মহল ও একটি সিন্ডিকেটের যোগসাজশে প্রায় প্রতিদিন রাতে এসব পণ্য দেশে আনা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে চোরাই মালামাল জব্দ করলেও পাচার পুরোপুরি থামানো যাচ্ছে না।
আরও পড়ুন:
- Miss Universe 2026 বাদ পড়ে আবেগঘন বার্তা সামিরা খান মাহির, ক্ষমা চাইলেন
- মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী জেনিফার ব্যারেটো, প্রথম বিবাহিত মা হিসেবে ইতিহাস
- বাংলাদেশে Oppo Find X10 Pro Max-এর ফার্স্ট সেল শুরু, ট্রিপল ২০০MP হ্যাসেলব্লাড ক্যামেরা
- কাজিপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
- ইসলামপুরের চরাঞ্চলে বেগুন চাষে বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে হাসি
সম্প্রতি বকশীগঞ্জের বৈষ্ণবপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি, এবং জামালপুর জেলা পুলিশও মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এর মধ্যেই সীমান্ত দিয়ে গরু পারাপার সক্রিয় রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাত ১০টার পর বকশীগঞ্জ ও শ্রীবরদীর কয়েকটি পাহাড়ি গ্রামে চোরাকারবারিদের তৎপরতা বাড়ে। পাহাড় ও টিলা পেরিয়ে রাতভর ভারতীয় গরু, মাদক ও প্রসাধনী সামগ্রী আনা হয়।
স্থানীয়দের দাবি, গারো পাহাড়সংলগ্ন এই সীমান্ত এলাকা ব্যবহার করে প্রতিরাতে ২০০ থেকে ২৫০টি গরু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হতে পারে।
সংশ্লিষ্টদের অভিযোগ, চোরাকারবারিরা স্থানীয়ভাবে প্রভাবশালীদের সঙ্গে সমঝোতা করে এলাকা নিয়ন্ত্রণ করে এবং রাতভর গরু এনে সারাদিন বিভিন্ন কৌশলে গন্তব্যে পাঠায়।
স্থানীয় সূত্রের দাবি, ভারতের আমবাদি, পুরা কাশিয়া ও গারোবাদি বাজারে প্রতি শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে। ওই হাটগুলো থেকে গরু কিনে সীমান্তের কাছে জড়ো করা হয় এবং পরে বাংলাদেশি চোরাকারবারিদের মাধ্যমে সীমান্ত পার করা হয়।
অন্যদিকে বাংলাদেশ সীমান্তের কর্ণঝোড়া বাজারে বুধবার গরুর হাট বসে। অভিযোগ রয়েছে, কর্ণঝোড়া গরুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগসাজশে অবৈধভাবে আসা গরুর বিপরীতে রসিদ সংগ্রহ করে সেগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।
বুধবার ছাড়াও লাউচাপড়া, মেঘাদল ও কর্ণঝোড়া বাজারের বিভিন্ন দোকান থেকে প্রতিদিনই এসব রসিদ সরবরাহ করার অভিযোগ উঠেছে।
সম্প্রতি বকশীগঞ্জ সীমান্তের লাউচাপড়া এলাকা থেকে ৮টি ভারতীয় গরু আটকের পর প্রায় আট ঘণ্টা পেরিয়ে কর্ণঝোড়া বাজারের রসিদ দেখিয়ে বকশীগঞ্জ থানা থেকে গরুগুলো ছাড়িয়ে নেওয়ার ঘটনা ঘটে।
বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক লাউচাপড়া এলাকার এক বাসিন্দা বলেন, প্রভাবশালী মহল জড়িত থাকায় চোরাচালান বন্ধ করা কঠিন হয়ে পড়েছে এবং ভুয়া বা হাটের রসিদ ব্যবহার করে গরু ছড়িয়ে দেওয়ায় দেশী খামারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
হাটের রসিদ ব্যবহারে নজরদারি বাড়ানো, চোরাচালানকারীদের আইনের আওতায় আনা এবং গরুর হাটের স্লিপে প্রশাসনের স্বাক্ষর বাধ্যতামূলক করলে পাচার অনেকটাই কমতে পারে বলে মত দেন তিনি।
তবে চোরাকারবারিদের রসিদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কর্ণঝোড়া গরুর হাটের ইজারাদার আবদুর রাজ্জাক লিটন। তাঁর দাবি, গরুর হাটে কেনাবেচা হয়; কোনো চোরাকারবারিকে রসিদ দেওয়া হয় না।
সীমান্তে চোরাচালান পরিস্থিতি নিয়ে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়জিদ বলেন, মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি কাজ করছে এবং নিয়মিত অবৈধ মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং গরু ও মাদক পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।