![]() |
| জামালপুর রেলওয়ে ওভারপাসে উদ্ধার বস্তুটি বোমাই ছিল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী |
(ads1)
জামালপুর শহরের প্রধান সড়কের রেলওয়ে ওভারপাস ফ্লাইওভারে ফেলে রাখা লাল টেপ পেঁচানো সেই সন্দেহজনক বস্তুটি আসলেই একটি সক্রিয় বোমা ছিল।
টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস থেকে আসা বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ বোম ডিসপোজাল ইউনিট সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করেছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে বোমাটি ধ্বংস করা হয়। বোমা নিষ্ক্রিয় করার পর প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর রাত ১১টার দিকে ওভারপাসটি পুনরায় যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
আরও পড়ুন:
- জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
- জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
- নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা
- রৌমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
- রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রেলওয়ে ওভারপাসের মাঝামাঝি স্থানে লাল কসটেপ দিয়ে মোড়ানো একটি বড় কৌটাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন সেখানে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী।
বস্তুটির দুই পাশে তার দৃশ্যমান থাকায় মুহূর্তেই এলাকায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং জননিরাপত্তার স্বার্থে ওভারপাস দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।
পরে ঘাটাইল সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি বোম ডিসপোজাল ইউনিট রাতে ঘটনাস্থলে পৌঁছায়। ওই ইউনিটের দুজন দক্ষ সেনাসদস্য বিশেষ নিরাপত্তা বলয় ও সতর্কতার সঙ্গে বোমাসদৃশ বস্তুটিকে ওভারপাস থেকে নামিয়ে পাশের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া শেষে বোমাটিকে নিরাপদে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়।
বিস্ফোরণের সময় বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং বারুদের অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায়, যা বস্তুটি শক্তিশালী বোমা হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
(ads2)
এদিকে বোমাটি নিষ্ক্রিয় করার পর সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। রাত ১১টার দিকে ওভারপাসের ওপর থেকে পুলিশি ব্যারিকেড সরিয়ে নেওয়া হলে শহরের প্রধান এই সড়কে পুনরায় স্বাভাবিক যান চলাচল শুরু হয়। কে বা কারা জনমনে আতঙ্ক ছড়াতে এই বোমাটি রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।