![]() |
| জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক |
(ads1)
জামালপুর শহরের গেইটপাড় এলাকায় অবস্থিত রেলওয়ে ওভারপাসের ওপর লাল টেপ পেঁচানো একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকার ঘটনায় শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। বস্তুটি নিষ্ক্রিয় করতে ইতোমধ্যে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম ডিসপোজাল ইউনিট) জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
আরও পড়ুন:
- নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা
- রৌমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
- রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬
- জামালপুর সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপন করল বিজিবি
- জামালপুর সীমান্তে শূন্যরেখায় চার দিন ধরে আটকে সেই নারী, মেলেনি কোনো সমাধান
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে শহরের ব্যস্ততম গেইটপাড় এলাকার রেলওয়ে ওভারপাসের ওপর লাল রঙের টেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পথচারীদের নজরে আসে।
বস্তুটির দুই পাশে বৈদ্যুতিক তার দৃশ্যমান থাকায় তা বোমা বলে ধারণা করছেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জামালপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
জননিরাপত্তার স্বার্থে পুলিশ পুরো এলাকাটি কর্ডন করে ঘিরে ফেলে এবং সাময়িকভাবে রেলওয়ে ওভারপাসের ওপর দিয়ে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াছমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তবে উদ্ধারকৃত বস্তুটি আসলেই শক্তিশালী কোনো বিস্ফোরক নাকি আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে রাখা সাধারণ কোনো বস্তু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
(ads2)
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব গণমাধ্যমকে জানান, "খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল ঘিরে রেখেছি এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করেছি।
বোমাসদৃশ বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দলটি ইতোমধ্যে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা পৌঁছানোর পর বস্তুটির প্রকৃত ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।