![]() |
| কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহাসিক চানমারীর গুলির ছিদ্র ও সংলগ্ন এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সাদা রং দিয়ে মুছে ফেলার দৃশ্য |
(ads1)
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রাতের অন্ধকারে ঐতিহাসিক চানমারী ও শহীদ মিনার সংলগ্ন এলাকায় ৯ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা সংবলিত নামপ্লেট সাদা রং দিয়ে মুছে ফেলার ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানিদের স্মৃতির প্রতি এমন অবমাননায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুধী সমাজের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (১৪ নভেম্বর) রাতের কোনো এক সময়ে একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে শহীদ মিনারের পাশে অবস্থিত বীর মুক্তিযোদ্ধাদের নামপ্লেটটি মুছে ফেলে। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় এই চানমারী এলাকায় মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের স্মৃতিচিহ্ন ও গুলির অনেকগুলো ছিদ্র রয়েছে, যা স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
আরও পড়ুন:
- Triple 200MP Camera নিয়ে বাংলাদেশের বাজারে আসছে Oppo Find X10 Pro Max
- জামালপুর রেলওয়ে ওভারপাসে উদ্ধার বস্তুটি বোমাই ছিল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
- জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
- নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, "খবর পেয়ে আমি শহীদ মিনারে গিয়ে দেখি, ১৯৭১ সালের ট্রেনিংয়ের স্মৃতিবিজড়িত চানমারীর গুলির ছিদ্র ও পাশে থাকা ৯ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকাটি অত্যন্ত পরিকল্পিতভাবে সাদা রং দিয়ে মুছে ফেলা হয়েছে।
আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।"
দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আলম মিয়া বলেন, "আমি এই রৌমারীতেই ট্রেনিং করেছি। এমন জঘন্য ঘটনা শোনার পরেই আমি রৌমারীতে ছুটে এসেছি। যারা ১৯৭১ সালের স্মৃতি মুছে ফেলতে চায়, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।"
উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ বলেন, "মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এখানে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেই ঐতিহাসিক চানমারীতে দেশের জন্য জীবন উৎসর্গ করা বীরদের নামফলক মুছে ফেলা দেশবিরোধী চক্রান্তের অংশ।
আমি এর তীব্র নিন্দা জানাই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করছি।"
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, "ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
(ads2)
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, "বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। রাতের অন্ধকারে কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না মিললেও আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।